রামগড়ে দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
‘ঘুষের বলি দেশটা আজ, নষ্ট হচ্ছে কাজের কাজ, রুখে দাঁড়াও তরুণ দল, দুর্নীতিতে ভাঙো বল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা, তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুর্নীতিবিরোধী মানসিকতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
‘দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার বিকল্প নেই’—বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে রামগড় উপজেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে চারটি বিদ্যালয় দ্বিতীয় রাউন্ডে ফাইনাল পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। চূড়ান্ত পর্বে পক্ষ দলের হয়ে অংশ নেয় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা।
যুক্তি, পাল্টা যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্যের মাধ্যমে দুই দলের শিক্ষার্থীরা বিতর্কে নিজেদের দক্ষতা তুলে ধরে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পর্ব শেষে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের জন্য সেরা বিতার্কিক নির্বাচিত হন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিন তাবাচ্ছুম রাফি।
এর আগে সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি পৃথক গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নেয়।
চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, দুর্নীতিমুক্ত সমাজের প্রত্যাশা এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজের ভূমিকা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে ছয়জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহআলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি করিম শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম এবং পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়; এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শৈশব থেকেই শিশুদের মধ্যে সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার ভিত্তি শক্তিশালী হবে।
তারা বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতা গড়ে তোলা জরুরি।
বিতর্ক ও চিত্রাঙ্কনের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতার সুযোগই দেয় না, একই সঙ্গে তাদের চিন্তাশক্তি, যুক্তি উপস্থাপনের দক্ষতা এবং সামাজিক বিষয়ে সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবদুর রউপ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা রামগড়ে দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।