বাঘাইছড়ির মারিশ্যায় ৮ লাখ টাকার সেগুন কাঠ জব্দ করল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর আওতাধীন রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএসের নেতৃত্বে একটি টহল দল বড়াদম এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন বিপুল পরিমাণ সেগুন কাঠ পড়ে থাকতে দেখে বিজিবির টহল দল।
পরে কাঠগুলো জব্দ করা হয়। জব্দকৃত সেগুন কাঠের পরিমাণ ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট। বিজিবির হিসাবে এসব কাঠের সিজার মূল্য ৮ লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা।
বিজিবি জানিয়েছে, অভিযানের সময় জব্দ করা কাঠের কোনো বৈধ মালিকানা পাওয়া যায়নি। চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কাঠগুলো জব্দ করা হয়েছে।
মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতি ব্যবহার করে চোরাচালানী তৎপরতা চালানোর চেষ্টা করছে।
তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল পরিচালনা করছে। চোরাচালান দমনে বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে কাঠ পাচার ও চোরাচালান পরিবেশ ও বনজ সম্পদের জন্যও হুমকি তৈরি করছে। এ ধরনের অবৈধ তৎপরতা বন্ধে সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জব্দ করা সেগুন কাঠের বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।