নানিয়ারচরে সামাজিক বিশ্লেষণ ও জবাবদিহিতা বিষয়ক প্রশিক্ষণ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সামাজিক বিশ্লেষণ (SA) ও সামাজিক জবাবদিহিতার বিভিন্ন হাতিয়ার (SAT) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রোববার (৩১ আগস্ট) ও সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে আশিকা ডেভেলাপমেন্ট অ্যাসোসিয়েটসের এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়ন থেকে মোট ২৫ জন কমিউনিটি চেইঞ্জ মেকার (CCM) ও সিভিল সোসাইটির সদস্য অংশ নেন।
প্রশিক্ষণে সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও বিশ্লেষণ, সমস্যার মূল কারণ নির্ণয়, স্টেকহোল্ডার ও পাওয়ার অ্যানালাইসিস, নাগরিক অংশগ্রহণ এবং সামাজিক জবাবদিহিতা বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা, অংশগ্রহণ, অন্তর্ভুক্তি, দায়িত্বশীলতা এবং সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে সামাজিক জবাবদিহিতার বিভিন্ন কার্যকর হাতিয়ার সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে কমিউনিটি স্কোর কার্ড, সিটিজেন রিপোর্ট কার্ড, সোশ্যাল অডিট, পাবলিক হিয়ারিং, কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি ডায়লগ উল্লেখযোগ্য।
শুধু তাত্ত্বিক আলোচনা নয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক অনুশীলনেরও সুযোগ দেওয়া হয়। দলীয় কাজ, কেস স্টাডি, রোল প্লে ও পাওয়ার ম্যাপিংয়ের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা বিশ্লেষণ, সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধানের পথ নির্ধারণের অনুশীলন করানো হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পিয়ারা বেগম। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
এ সময় ইউএনও নূর পিয়ারা বেগম স্থানীয় উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগের মাধ্যমে স্থানীয় সমস্যা তুলে ধরা এবং সমাধানে নাগরিকদের ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুশোভন চাকমা, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার রাজর্ষি চাকমা, সহকারী প্রকল্প কর্মকর্তা তুগুন চাকমা ও জ্যোতি চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীরা নিজ নিজ কমিউনিটিতে কাজে লাগাবেন। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, কমিউনিটির সমস্যা চিহ্নিতকরণ, সরকারি-বেসরকারি সেবার মান পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সংলাপ ও ফলোআপ কার্যক্রমে তারা ভূমিকা রাখবেন।
তাদের মতে, স্থানীয় পর্যায়ে নাগরিকদের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে নানিয়ারচরের বিভিন্ন কমিউনিটিতে স্বচ্ছতা, অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহিতার চর্চা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।