আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটায় লংগদুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলার সাত ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা সদর।
র্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. তোফাজ্জল হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বারেক দেওয়ান। এ ছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুল গফ্ফার ভূঁইয়া, রাঙামাটি জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জানে আলম, সাধারণ সম্পাদক সৈয়দ মো. ইউনুসসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়; এ দিনটি দলের রাজনৈতিক আদর্শ, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে নতুন করে প্রত্যয় গ্রহণের দিন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লংগদু উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শেষপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। কেক কাটার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।