পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি পিসিএনপির

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি পিসিএনপির

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি পিসিএনপির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা ও অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটি পার্বত্য এলাকার বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং তিন পার্বত্য জেলার বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে পিসিএনপি দাবি করেছে, সম্প্রতি সরকার পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর মওকুফের প্রস্তাব করেছে। তবে একই এলাকায় বসবাসরত বাঙালি জনগোষ্ঠীকে এ সুবিধার বাইরে রাখা হচ্ছে। সংগঠনটির নেতাদের অভিযোগ, গত তিন দশক ধরে কেবল উপজাতি জনগোষ্ঠী করমুক্ত সুবিধা ভোগ করে অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে পৌঁছালেও বাঙালিরা করের বোঝা বহন করে ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পিসিএনপির নেতারা মনে করেন, একই অঞ্চলে বসবাসকারী নাগরিকদের মধ্যে এ ধরনের সুবিধাগত পার্থক্য সংবিধানের ‘নাগরিকদের সমঅধিকার’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে তিন পার্বত্য জেলার বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম অলিখিতভাবে বন্ধ রয়েছে। এর ফলে সোনালী, ইসলামী, জনতা ও রূপালী ব্যাংকসহ ১৭টি ব্যাংকের ঋণ কার্যক্রম স্থগিত রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

পিসিএনপির ভাষ্য, বাজারফান্ড এলাকায় বসবাসকারীদের প্রায় ৮০ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর মানুষ। ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় ওই এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছেন। ঋণ সুবিধা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও স্থবিরতা দেখা দিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সংগঠনটির নেতারা বলেন, শিক্ষা, চাকরি এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালিরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের দাবি, পার্বত্য চুক্তির সিংহভাগ সুবিধাও কেবল উপজাতি জনগোষ্ঠী ভোগ করছে।

পিসিএনপি নেতারা বলেন, “সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই পাহাড়ে স্থায়ী শান্তি আনা সম্ভব।” তাই পার্বত্য অঞ্চলে বসবাসকারী সব জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বাঙালিদের আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় দ্রুত ব্যাংক ঋণ কার্যক্রম চালুর দাবি জানান তারা।

তাদের মতে, অর্থনৈতিক বৈষম্য দূর করা গেলে পার্বত্য চট্টগ্রামে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও শক্তিশালী হবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে।

স্মারকলিপি দেওয়ার সময় পিসিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নুরুল আবসারসহ বান্দরবান জেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *