মিয়ানমারে পাচারের সময় উখিয়ায় ৬০০ কেজি ইউরিয়া সার ও সয়াবিন তেল উদ্ধার, আটক ১
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তে এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া বালুখালী খালের পাড়সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এক ব্যক্তিকে আনজুমানপাড়া এলাকা থেকে মালামাল নিয়ে বালুখালী খালের পানিতে ভাসিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা করতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা ধাওয়া করে সাইফুল ইসলামকে আটক করেন। আটক সাইফুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। বিজিবির দাবি, উদ্ধার করা এসব বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে সার, তেলসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য যাতে অবৈধভাবে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান এবং বাংলাদেশি বিভিন্ন পণ্য পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো পণ্য পাচারের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই নয়, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও প্রয়োজন। সীমান্তে সন্দেহজনক কোনো তৎপরতা বা চোরাচালানের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।