উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা রশিদ আহমদের ছেলে।

র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি দল ১১ নম্বর ক্যাম্পের মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোহাম্মদ জহিরকে (১৯) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে র্যাবের কাছে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।