পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২৫ সেনা নিহত, পাল্টা অভিযানে নিহত ৪৮
![]()
জার্নাল প্রতিবেদক
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) পৃথক হামলায় দেশটির অন্তত ২৫ সেনাসদস্য নিহত হয়েছেন। এই হামলার পরদিনই প্রদেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে ৪৮ জন বিদ্রোহীকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি পদক্ষেপে অঞ্চলটিতে সহিংসতা চরম রূপ নিয়েছে।
বিএলএ এই হামলার ঘটনার একটি সিনেমাটিক ধাঁচের ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণ, গোলাগুলি এবং পাকিস্তানি সেনাবাহিনীর জলন্ত ট্রাক দেখা গেছে। সংগঠনটির গণমাধ্যম শাখা ‘হাক্কাল’-এর প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যায়, বিএলএ যোদ্ধারা ক্ষতিগ্রস্ত সামরিক যান ঘিরে রেখেছে এবং সেনাদের লাশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এছাড়া ধ্বংসপ্রাপ্ত যানগুলো থেকে অস্ত্র জব্দ করার দৃশ্যও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
বিএলএ জানিয়েছে, জিয়ারত ক্রস এলাকায় সামরিক কনভয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের বিশেষ ইউনিট ‘ফাতেহ স্কোয়াড’ ১৮ সেনাসদস্যকে হত্যা এবং দুটি সামরিক যান ধ্বংস করে। এই ঘটনায় আরও পাঁচ সেনা আহত হয়ে পালিয়ে যায়। পাহাড়ি এলাকায় গেরিলা যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই ফাতেহ স্কোয়াড ২০২৫ সালের মার্চে জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের পেছনেও জড়িত ছিল।
দ্বিতীয় ঘটনাটি ঘটে সুরাবের হাজিকা অঞ্চলে। সেখানে বিএলএ-এর ‘স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড’ (এসটিওএস)-এর দূরনিয়ন্ত্রিত গাড়িবোমা বিস্ফোরণে সাত পাকিস্তানি সেনা নিহত হন। বিএলএ গত মাসেও বিভিন্ন অঞ্চলে ৩৬টি অভিযান চালিয়ে ৩৩ জনের বেশি সেনাসদস্যকে হত্যার দাবি করেছিল।
হামলার পর পাকিস্তান সেনাবাহিনী দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে। মাসতুং, সিবি, কোয়েটা ও কালাত জেলায় বিদ্রোহীদের আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৫০ জন (৪৮ জন) বিচ্ছিন্নতাবাদীকে হত্যার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। নিহতরা নিষিদ্ধ ঘোষিত বিএলএ এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে দীর্ঘ কয়েক দশক ধরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত চলছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গুমের অভিযোগ তুলে পূর্ণ স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবি জানিয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।