কাপ্তাই লেকে ডাকাতি: দুই ডাকাত গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত টাকার ব্যাগ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই লেকে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তার এক আসামির বসতবাড়ি থেকে ডাকাতির সময় লুণ্ঠিত টাকার ব্যাগ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা শহরের পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আহাম্মেদ সফি (৪৪) এবং পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া (পর্যটন এলাকা) এলাকার দয়ালাল চাকমার ছেলে তক্তারাম ওরফে সুব্রত চাকমা (৩২)।
পুলিশ জানায়, গত ৭ মে বেলা আনুমানিক ৩টার দিকে কাপ্তাই লেকের আদার পাহাড় এলাকায় এক ব্যক্তির গতিরোধ করে ৬ থেকে ৭ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল। এ সময় ডাকাতরা তার কাঁধে থাকা ব্যাগ থেকে নগদ ৪ লাখ টাকা, একটি মোবাইল ফোন, এয়ারটেল সিম, ব্র্যাক ব্যাংকের বনরূপা শাখার একটি অব্যবহৃত চেক বই, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলাটি তদন্তের পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় শনিবার জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আহাম্মেদ সফি ও তক্তারাম ওরফে সুব্রত চাকমাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার তক্তারাম ওরফে সুব্রত চাকমার বসতবাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির সময় লুণ্ঠিত টাকার ব্যাগটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে ডাকাতির সঙ্গে আরও কারা জড়িত এবং লুণ্ঠিত অন্যান্য মালামাল কোথায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, গ্রেপ্তার আহাম্মেদ সফিকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি তক্তারাম ওরফে সুব্রত চাকমার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।