বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।
এ সময় সহকারী কমিশনার ফারজানা সরকার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. মঞ্জুর আহমেদ, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপপরিচালক মো. সেলিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, জীবনমুখী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা বলেন, বান্দরবানের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, দুর্গম ভৌগোলিক অবস্থান এবং শিক্ষক সংকটসহ নানা কারণে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার প্রসার ঘটলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা, দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। তাই দুর্গম এলাকার শিশু-কিশোর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সভায় শিক্ষকদের দায়িত্বের ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও বাস্তবজীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে উৎসাহিত করতে শিক্ষকদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।