আলীকদমে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক বছর করে কারাদণ্ড
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অপরাধে আবু তাহের (৩৫) ও হাসান মিয়া (২৭) নামে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলীকদম সদর ইউনিয়নের পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আলীকদম সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আবু তাহের ও হাসান মিয়া। একপর্যায়ে স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা তাদের তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট পান। পরে বিষয়টি আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমকে জানানো হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীকদম থানার রাত্রীকালীন মোবাইল-৬ ডিউটি টিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ইয়াবাসহ আবু তাহের ও হাসান মিয়াকে আটক করা হয়।
আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম ইয়াবা সেবনের অপরাধে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আবু তাহেরের বাবার নাম বোরহান উদ্দিন এবং হাসান মিয়ার বাবার নাম হযরত আলী। তারা দুজনই আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর-৫৪/২০২৬, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুজনকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর কোর্টে পাঠানো হবে।
আলীকদম উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। মাদক সেবন ও এর বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।