৫২৬ কেজি মাদকসহ ৫ পাকিস্তানিকে আটক করল ভারতীয় কোস্ট গার্ড
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে অভিযান চালিয়ে ৫২৬ কেজি উচ্চমানের হেরোইন ও মেথঅ্যামফেটামিন জব্দ করেছে ভারতীয় কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ হাজার কোটি রুপির বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি নৌযানে থাকা পাঁচ পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ড জানায়, গুজরাটের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস) এবং একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
লাক্ষাদ্বীপের পশ্চিমে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করার পর সেটিকে দীর্ঘ সময় নজরদারিতে রাখা হয়। পরে ধাওয়া করে নৌযানটিতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক জব্দ এবং পাঁচ পাকিস্তানি ক্রু সদস্যকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক নৌযান ও এর পাঁচ সদস্যকে আরও তদন্তের জন্য মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা যৌথভাবে এ ঘটনার তদন্ত করবে এবং পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভারতীয় কোস্ট গার্ডের দাবি, এই অভিযান আরব সাগরকেন্দ্রিক একটি বড় আন্তর্জাতিক মাদক পাচারপথ শনাক্ত ও বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলেও গুজরাট এটিএসের সঙ্গে যৌথ অভিযানে গুজরাট উপকূলের কাছে ৩০৭ দশমিক ৫ কেজি মাদক জব্দ করেছিল ভারতীয় কোস্ট গার্ড।কর্তৃপক্ষ বলছে, আরব সাগরের সামুদ্রিক পথগুলো মাদকবিরোধী অভিযানে বিশেষ গুরুত্ব পাচ্ছে। গোয়েন্দা তথ্য, নৌযানের ওপর নজরদারি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয় এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।