কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, দেশত্যাগের প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, দেশত্যাগের প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, দেশত্যাগের প্রক্রিয়ায় আরও ১,৩৬৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কানাডা থেকে চলতি বছরের প্রথম আট মাসে ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি নাগরিককে দেশটি থেকে অপসারণের চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কানাডা বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে দেশ থেকে ফেরত পাঠিয়েছে।

ফেরত পাঠানোর সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। দেশটির ৪ হাজার ২২৭ জন নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর নাগরিকের সংখ্যা ২ হাজার ২৮২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬০১ জন, কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন এবং রোমানিয়ার ৪৩৩ জন নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ২২৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। সে সময় ফেরত পাঠানোর সংখ্যার দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। আগস্ট শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জনে।

সিবিএসএর তথ্য অনুযায়ী, কানাডা থেকে বিদেশি নাগরিকদের অপসারণের প্রধান কারণগুলোর একটি হলো দেশটির অভিবাসন আইন না মানা। এই কারণে আশ্রয়ের আবেদন করেছিলেন—এমন ১২ হাজার ৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া আশ্রয়প্রার্থী নন—এমন আরও ১ হাজার ৭৯৪ জনকে একই কারণে অপসারণ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনকে কানাডা থেকে অপসারণ করা হয়েছে।

কানাডা থেকে দেওয়া মোট অপসারণ আদেশের মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

এদিকে ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন বিদেশি নাগরিক। এ তালিকায় ১০ হাজার ২৯৫ জন নিয়ে ভারত শীর্ষে এবং ৬ হাজার ১০২ জন নিয়ে মেক্সিকো দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশের ১ হাজার ৩৬৮ জন নাগরিক অপসারণের প্রক্রিয়ায় থাকায় এ তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *