রামগড়ে ইয়াবাসহ আটক দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে পৃথক অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধারসহ তাদের আটক করে রামগড় থানা পুলিশ। পরে বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসাইনের আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামগড় পৌরসভার সোনাইপুল এলাকার মৃত আমিন মিয়ার ছেলে মো. আরাফাত হোসেন সৌরভ (২৩) এবং উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের মো. আলমগীরের ছেলে মো. রহমান আলম রাকিব (২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান ও ডিউটি পরিচালনাকালে সোনাইপুল বাজার এলাকা থেকে আরাফাত হোসেন সৌরভকে তিন পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ৭৯০ টাকাসহ আটক করা হয়। একই রাতে রামগড় চেকপোস্টের সামনে পৃথক অভিযানে মো. রহমান আলম রাকিবকে আট পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
পরে বুধবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতের কাস্টডি পরোয়ানামূলে পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে আটক দুই আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাদের দণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদক ও যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।