বাঘাইছড়িতে ৩ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে রিভারঘাট পোস্টের কমান্ডার হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করা হয়।
উদ্ধার করা কাঠের মধ্যে রয়েছে ৩৬ দশমিক ৭৪ ঘনফুট সেগুন কাঠ এবং ৩৩ দশমিক ১৭ ঘনফুট গামারী কাঠ। সব মিলিয়ে অভিযানে ৬৯ দশমিক ৯১ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার করা এসব কাঠের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৪ হাজার ৫৯৫ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা কাঠের কোনো বৈধ মালিকানা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অবৈধভাবে এসব কাঠ পরিবহনের উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল। তবে কাঠগুলো সেখানে কীভাবে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত ও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান ও টহল পরিচালনা করছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতি ব্যবহার করে সীমান্ত ও দুর্গম পাহাড়ি পথ দিয়ে চোরাচালানের চেষ্টা করছে। এ কারণে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত নিয়মিত টহল ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্ত ও পাহাড়ি এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্ধার করা কাঠের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।