রাঙামাটিতে এলপিজির জন্য দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা

রাঙামাটিতে এলপিজির জন্য দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা

রাঙামাটিতে এলপিজির জন্য দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটিতে তীব্র আকার ধারণ করেছে এলপিজি (গ্যাস) সংকট। জ্বালানি সংকটে শহরের ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে আসা সিএনজি ও অটোরিকশার দীর্ঘ সারি দেখা গেছে। কোনো কোনো স্থানে এই লাইন এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি শহরের চারটি এলপিজি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটিতে এলপিজি সরবরাহ করা হচ্ছিল। এতে গ্যাস নিতে আসা অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে রাঙামাটি শহরের পাম্পগুলোতে এলপিজির সরবরাহে সংকট চলছে। অনেক চালক সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে স্বাভাবিক আয়-রোজগারও ব্যাহত হচ্ছে।

রাঙামাটিতে এলপিজির জন্য দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা

চালকরা অভিযোগ করেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় প্রতিদিনই গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে যাত্রী পরিবহনে সময় কমে যাওয়ায় তাদের আয়ও কমে যাচ্ছে। দ্রুত জ্বালানি সংকট নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তাদের আশঙ্কা, দ্রুত এলপিজি সরবরাহ স্বাভাবিক করা না হলে রাঙামাটির মতো পাহাড়ি জনপদে সিএনজি ও অটোরিকশাভিত্তিক গণপরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে সাধারণ যাত্রীদেরও দুর্ভোগ বাড়বে।

শহরের মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. মহসিন বলেন, “আমরা ২ হাজার লিটার এলপিজি পেয়েছি। সেখান থেকে প্রতিটি গাড়িকে ৩০০ টাকার গ্যাস দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের কাছে সরবরাহ কম, তাই বাধ্য হয়ে পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে।”

চালকদের দাবি, রাঙামাটির সব ফিলিং স্টেশনে পর্যাপ্ত এলপিজি সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *