বাঘাইছড়িতে স্ট্রোক করে ৩৭ আনসার ব্যাটালিয়নের সদস্যের মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সৈয়দ আমিনুল হক (৫৩) নামে ৩৭ আনসার ব্যাটালিয়নের (মারিশ্যা) এক ল্যান্স নায়েকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকায় অবস্থিত প্রস্তাবিত ব্যাটালিয়ন সদর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ আমিনুল হক ৩৭ আনসার ব্যাটালিয়নের একজন ল্যান্স নায়েক ছিলেন। তার রেজিস্ট্রি নম্বর ৩৩৩১০। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রৌহা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ল্যান্স নায়েক সৈয়দ আমিনুল হক মডেল টাউন ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। রাত ২টা থেকে তার ডিউটি শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে দায়িত্বে থাকা আগের সদস্য তাকে কক্ষ থেকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি সহকর্মীদের জানান। পরে তারা তাকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আনুমানিক ২০ থেকে ২৫ মিনিট আগেই তার মৃত্যু হয়েছিল।
সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সৈয়দ আমিনুল হক আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। এর আগে তিনি দুইবার অসুস্থও হয়েছিলেন।
রোববার সকাল ১০টায় ৩৭ আনসার ব্যাটালিয়ন সদর প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে তার নিজ জেলা মানিকগঞ্জের গ্রামের বাড়িতে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।
তার মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।