রামগড়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে পৃথক দুটি অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেল ও দিবাগত রাতে সোনাইপুল এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ জেলা সদরের সোনাপুর এলাকার মো. তমিজ খানের ছেলে জোবায়েল খান (২৬) এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রশিদ মেস্ত্রীপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় সোনাইপুল ফরেস্টের সামনে সড়কে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় জোবায়েল খান হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি একটি সিগারেটের প্যাকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন বলে জানায় পুলিশ।
অপরদিকে, একই রাতে সোনাইপুল ফরেনার চেকপোস্টে সিএনজি অটোরিকশায় তল্লাশির সময় সাইফুল ইসলামও পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, জব্দ তালিকা অনুযায়ী আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।