সেনাবাহিনীর মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী, সনদ পেল প্রশিক্ষণার্থীরা

সেনাবাহিনীর মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী, সনদ পেল প্রশিক্ষণার্থীরা

সেনাবাহিনীর মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী, সনদ পেল প্রশিক্ষণার্থীরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা জোনের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান।

মাটিরাঙ্গা জোনের এনসিও মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জোনের স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, প্রশিক্ষক সুলতান আহম্মেদসহ প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পাহাড়ি ও বাঙালি তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে এ ধরনের ক্রীড়া কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সেনাবাহিনীর মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী, সনদ পেল প্রশিক্ষণার্থীরা

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেনাবাহিনীর উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি হয়। মাটিরাঙ্গা জোনের এ উদ্যোগ প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাটিরাঙ্গা জোন সবসময় স্থানীয় জনগণের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা। তারা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তারা ফুটবলের মৌলিক কৌশল, শৃঙ্খলা ও দলগতভাবে খেলার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ভবিষ্যতে ক্রীড়া ক্ষেত্রে আরও ভালো করার জন্য এ প্রশিক্ষণ তাদের অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।