কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)।
কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সিনিয়র সদস্য ও কাপ্তাই সংবাদ-এর সম্পাদক চৌধুরী রিপন এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল।
বক্তারা ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস রোগের সংক্রমণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়।
বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।