রাঙামাটিতে অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ, সুমন তঞ্চঙ্গা আটক
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় জাল উত্তরাধিকার সনদ দাখিল করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা নেওয়ার চেষ্টার অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে তাঁকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসকের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সুমন তঞ্চঙ্গা, পিতা তপন তঞ্চঙ্গা, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় একটি আবেদন করেন। আবেদনে তিনি তাঁর মৃত চাচা সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ হিসেবে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার দাবি করেন। এ জন্য তিনি একটি উত্তরাধিকার সনদ দাখিল করেন, যার মাধ্যমে প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করতে গিয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর দাখিল করা উত্তরাধিকার সনদটি জাল বলে প্রমাণ পান বলে জেলা প্রশাসনের পোস্টে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জাল সনদ দাখিল ও মিথ্যা তথ্য সরবরাহ করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার চেষ্টা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(চ) ধারার লঙ্ঘন। এ কারণে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে তাঁকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রকৃত মালিক ও বৈধ ওয়ারিশদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে আবেদন ও দাখিল করা নথিপত্র যাচাইয়ের গুরুত্ব এ ঘটনা আবারও সামনে এনেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।