বরকলে অন্যায়-অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বরকল উপজেলায় অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি ও ধান্দাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়। একই সঙ্গে রাঙামাটি থেকে বরকল ও হরিণাগামী যাত্রীবাহী লঞ্চে অতিরিক্ত মালামাল পরিবহন, নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়া এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। সভায় সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি, মোবাইল নেটওয়ার্ক ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাসহ স্থানীয় জনদুর্ভোগের নানা বিষয়ও আলোচনায় আসে।
সভায় রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম সওদাগর বলেন, বরকল উপজেলায় কোনো ধরনের অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি কিংবা ধান্দাবাজি বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।
সভায় বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বেপারী উপজেলার বিভিন্ন জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। তিনি বিশেষ করে রাঙামাটি থেকে বরকল ও হরিণাগামী লঞ্চ চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অভিযোগ করা হয়, রাঙামাটি থেকে বরকলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চে অতিরিক্ত মালামাল পরিবহন, নির্ধারিত সময়সূচি অনুসরণ না করা এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণের কারণে দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্গম বরকল উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নৌপথ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সরকারি কাজে প্রতিদিন বহু মানুষকে লঞ্চের ওপর নির্ভর করতে হয়। ফলে লঞ্চ চলাচলে অনিয়ম হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
এ পরিস্থিতিতে যাত্রীদের অভিযোগ তদন্ত করে লঞ্চের নির্ধারিত সময়সূচি বাস্তবায়ন, যাত্রী ও মালামাল পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করা এবং যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি যাত্রীবাহী নৌযানে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলার ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের এরাবুনিয়া থেকে ছোট হরিণা পর্যন্ত সড়কের বেহাল অবস্থার বিষয়টিও তুলে ধরা হয়। সড়কটির দুরবস্থার কারণে স্থানীয়দের যাতায়াতে ভোগান্তির কথা উল্লেখ করে দ্রুত সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ারের কাছে বিশেষ অনুরোধ জানান সংশ্লিষ্ট প্রতিনিধি।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অনুপস্থিতির অভিযোগ, মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং দুর্গম এলাকার মানুষের চিকিৎসা গ্রহণে নানা প্রতিবন্ধকতার বিষয়গুলোও সভায় আলোচিত হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম সওদাগর, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বেপারী, বরকল থানার প্রতিনিধি এসআই সরোয়ার, ৪৫ বিজিবির প্রতিনিধি এসআইপি হাবিলদার শাহ আলম, ৫ নম্বর বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা, বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জন, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, আলোচনা ও সতর্কবার্তার পাশাপাশি লঞ্চ চলাচলে অনিয়মের অভিযোগ তদন্ত, নির্ধারিত সময়সূচি বাস্তবায়ন, যাত্রী হয়রানি বন্ধ, সড়ক সংস্কার এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে অন্যায়, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে বরকলের সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।