বাঘাইছড়িতে সীমান্ত সুরক্ষায় জনসচেতনতামূলক সভা করেছে ৫৪ বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক সভা করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়নের অধীন জপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিওপি কমান্ডারের নেতৃত্বে সভাটি পরিচালিত হয়।
সভায় স্থানীয় পাহাড়ি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সীমান্ত হত্যা রোধে জনসচেতনতা সৃষ্টি, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য ও অস্ত্র পাচার বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টদের মতে, বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার অপরাধ দমনে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।