লংগদুতে জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বেকার যুবক-যুবতীদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা পরিষদের শিলাছড়ি সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন মিজি। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিয়া খান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল হকসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকার যুবক-যুবতীদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে যুবসমাজকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তাঁরা আরও বলেন, দক্ষ ও কর্মক্ষম যুবসমাজই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অন্যতম চালিকাশক্তি। তাই যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি।
আলোচনা সভা শেষে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে অতিথিরা তাঁদের হাতে যুবঋণের চেক তুলে দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।