সশস্ত্র সংগঠনগুলোর সংঘাত, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি আঞ্চলিক স্থিতিশীলতার বড় বাধা
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠনগুলোর পারস্পরিক সংঘাত, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে আঞ্চলিক স্থিতিশীলতার বড় বাধা হিসেবে দেখছেন সাবেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাঁদের মতে, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফসহ সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা বন্ধ এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন। তবে সংকট নিরসনে রাজনৈতিক উদ্যোগ, ভূমি বিরোধ নিষ্পত্তি ও ১৯৯৭ সালের শান্তিচুক্তি পুনর্মূল্যায়নের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার সিরডাপ মিলনায়তনে ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (ওসিপাস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যৌথ আয়োজনে ‘পার্বত্য চট্টগ্রামের কৌশলগত স্থিতিশীলতা’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব বক্তব্য উঠে আসে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ আলোচনায় সাবেক সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় ওসিপাসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা মূলত রাজনৈতিক। কার্যকর রাজনৈতিক উদ্যোগের অভাবে পরিস্থিতি একটি ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাতের দিকে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষে এককভাবে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশ সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।
২৪ পদাতিক ডিভিশনের সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে নেতৃত্বের সংকট রয়েছে। আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে আন্তঃকোন্দলের পাশাপাশি বাঙালিদের মধ্যেও নেতৃত্বের ঘাটতি রয়েছে। আঞ্চলিক ও জেলা পরিষদগুলোতে নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
শান্তিচুক্তির বিষয়ে তিনি বলেন, চুক্তির কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সব ধারা বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে চুক্তির পুনর্মূল্যায়ন প্রয়োজন। ভূমি বিরোধ নিষ্পত্তিতে ভূমি কমিশনকে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি পার্বত্য এলাকায় ক্যাডাস্ট্রাল সার্ভে বা পূর্ণাঙ্গ ভূমি জরিপের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান বলেন, ১৯৯৭ সালের শান্তিচুক্তির পর জনসংহতি সমিতি (জেএসএস) থেকে বেরিয়ে একটি অংশ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠন করে। পরবর্তী সময়ে সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ও পারস্পরিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে। ২০১৭ সালে নাথান বমের নেতৃত্বে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) গঠিত হয়।
তিনি বলেন, এসব সশস্ত্র সংগঠনের তৎপরতা বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন হবে। সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বিরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে বলেও দাবি করেন তিনি।
মনীষ দেওয়ান আরও দাবি করেন, বছরে জেএসএস প্রায় ২৮০ কোটি, ইউপিডিএফ ২৫০ কোটি এবং কেএনএফ ৫০ কোটি টাকা চাঁদাবাজির মাধ্যমে সংগ্রহ করে। এসব অর্থ অস্ত্র কেনাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতার কারণে পাহাড়ের সাধারণ মানুষ কার্যত জিম্মি হয়ে পড়েছে। তবে এসব আর্থিক পরিসংখ্যানের স্বাধীন যাচাইয়ের তথ্য আলোচনায় উপস্থাপিত হয়নি।
নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) উকানথিন বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হলেও প্রায় তিন দশকে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। চুক্তির পরও হত্যা, গুম ও অপহরণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। চাকরিজীবনে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়গুলোও জড়িত।
জাতিগত পরিচয়ের প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে পাহাড়ের জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে বিবেচনা করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণকারী বাঙালিদের ‘সেটেলার’ হিসেবে আখ্যায়িত করাও যথাযথ নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমির পূর্ণাঙ্গ জরিপ ও খতিয়ান না থাকায় মালিকানা নির্ধারণে জটিলতা রয়েছে। এ সমস্যা সমাধানে ভূমি জরিপের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করা প্রয়োজন। তিনি ১৯৮৯ সালের পার্বত্য জেলা পরিষদ আইন ও ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির আইনগত অবস্থান নিয়েও বক্তব্য দেন।
তিনি আরও বলেন, কয়েক শ বছর আগে বিভিন্ন অঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠীগুলোর আগমন ঘটেছে। এ কারণে তাঁদের ‘উপজাতি’ বা ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করা উচিত বলে মত দেন তিনি। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর উপস্থিতি প্রয়োজন বলেও মন্তব্য করেন সাবেক এই প্রসিকিউটর।
অন্যদিকে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়া নতুন করে সক্রিয় করার আহ্বান জানান। তিনি বলেন, পাহাড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তাঁরা ব্যথিত হন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সবাইকে বাঙালি হিসেবে পরিচিত করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ের জনগোষ্ঠীর নিজস্ব জাতিগত ও সাংস্কৃতিক পরিচয় রয়েছে।
আলোচনায় আরও বক্তব্য দেন ওসিপাসের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আব্দুল্লাহ আল ইউসুফ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. ওবায়দুল হক ও অধ্যাপক ড. রাশেদ উজ জামান এবং পার্বত্য নিউজের সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান পলাশসহ অন্যরা।
আলোচনায় বক্তারা মনে করেন, সশস্ত্র সংগঠনগুলোর পারস্পরিক সংঘাত ও আধিপত্য বিস্তারের রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। তবে শুধু নিরাপত্তামূলক পদক্ষেপের মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রাজনৈতিক সংলাপ, ভূমি বিরোধ নিষ্পত্তি, শান্তিচুক্তির পুনর্মূল্যায়ন এবং সব জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি হতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।