বান্দরবানে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য অঞ্চলের যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বান্দরবানে তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মমুখী জ্ঞান ও বাস্তবভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের উদ্যোগে ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই পরিচালিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন বান্দরবান সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই-এর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ প্রশিক্ষণার্থীদের অর্জিত কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের উন্নয়নেও অবদান রাখতে হবে। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে যুবকদের জন্য এ ধরনের আরও কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণে যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি শনাক্তকরণ, প্রয়োজনীয় মেরামত এবং যানবাহনের নিরাপদ ব্যবহার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে এসব কাজ শেখার মাধ্যমে যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
এ প্রশিক্ষণের ফলে অংশগ্রহণকারী যুবকরা ভবিষ্যতে যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কাজে যুক্ত হওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দক্ষ কারিগর গড়ে উঠলে যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ, যান্ত্রিক ত্রুটি দ্রুত শনাক্তকরণ, অকাল বিকল হওয়া প্রতিরোধ এবং মেরামত ব্যয় কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
বিশেষ করে পার্বত্য বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয় যুবকদের কর্মমুখী প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ জনশক্তিতে রূপান্তরের এ উদ্যোগের গুরুত্ব রয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে কর্মসংস্থানের সীমিত সুযোগের মধ্যে এ ধরনের প্রশিক্ষণ যুবকদের বিকল্প পেশা বেছে নেওয়া এবং নিজেদের উদ্যোগে আয়-রোজগারের পথ তৈরি করতে সহায়তা করতে পারে।
শুধু নিরাপত্তা দায়িত্ব পালন নয়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজকে দক্ষ করে তোলা এবং আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় পরিচালিত এ প্রশিক্ষণ স্থানীয় যুবকদের দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি এলাকার সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।