কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ উদ্ধার ২৮
![]()
জার্নাল প্রতিবেদক
সাত দিন সাগরে ভেসে থাকার পর প্রাণে বেঁচে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে পৌঁছেছেন মালয়েশিয়াগামী নারী, পুরুষ ও শিশুরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে দুই নারী, দুই শিশু ও ২৪ পুরুষসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।
ফিরে আসা ব্যক্তিদের অভিযোগ, সাগরপথে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ট্রলারে তুলে দেওয়া হয়। পরে মাঝসমুদ্রে আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে মানবপাচারকারী চক্র। এ সময় কাউকে মারধর এবং কাউকে ট্রলার থেকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সাত দিন সাগরে ভেসে থাকার পর তাঁরা কৌশলে দালালদের বেঁধে রেখে কাঠের নৌকাটি নিয়ে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে পৌঁছান। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে কোনো মানবপাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশের ধারণা, নৌকাটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তাঁদের অনেকে বিভিন্ন দিকে চলে যান। এ ঘটনায় জড়িত তিন দালালও পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।