সাজেক ও মিজোরাম সীমান্তের ১৫১ কিলোমিটার এলাকায় বিজিবির নিরাপত্তা জোরদার, ড্রোনে নজরদারি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের ১৫১ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি এবং দিবারাত্রি অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের (২৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার উদয়পুর, নতুন পাড়া, কিংকর পাড়া, ভূইয়াছড়া, তারাবুনিয়া ও কমলা পাড়া এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ করল্লাছড়া, বেটলিং, শিয়ালদাহ, তুইছুই, কান্তালাং, নিউথাংনাক ও উদলছড়ি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব এলাকায় সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন ব্যবহার করে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
২৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, মারিশ্যা জোনের আওতাধীন ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবির নিয়মিত টহল অব্যাহত রাখার পাশাপাশি ড্রোনের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সচেতনতা বাড়ানো হচ্ছে।
অন্যদিকে, সাজেকের ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।