পর্যটন মৌসুমেও মন্দা, খালি কক্সবাজারের ৭০ শতাংশ হোটেল কক্ষ

পর্যটন মৌসুমেও মন্দা, খালি কক্সবাজারের ৭০ শতাংশ হোটেল কক্ষ

পর্যটন মৌসুমেও মন্দা, খালি কক্সবাজারের ৭০ শতাংশ হোটেল কক্ষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

তারেকুর রহমান, কক্সবাজার 

শীতের আগমনে পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজারে নেই পর্যটকের কাঙ্ক্ষিত ভিড়। সৈকতের চেয়ার পড়ে থাকছে খালি, বিচ বাইক ও জিপের চাকা ঘুরছে কম, বিপণিবিতানে ক্রেতার অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। হোটেল-মোটেলের অধিকাংশ কক্ষেও নেই অতিথি। ব্যবসায়ীদের হিসাবে, পর্যটন মৌসুমের শুরুতে হোটেলগুলোতে কক্ষ বুকিং নেমে এসেছে ৩০ শতাংশে। অর্থাৎ ৭০ শতাংশ কক্ষই খালি পড়ে আছে। বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের পরীক্ষা ও সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় পর্যটকের আগমন কমে যাওয়ায় কক্সবাজারের পর্যটন অর্থনীতিতে দেখা দিয়েছে মন্দা। বড় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী—সবাই এখন লোকসান গুনছেন।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, পর্যটন মৌসুমে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, বিপণিবিতান ও সৈকতকেন্দ্রিক পর্যটনসংশ্লিষ্ট ১৩টি খাতে প্রতিদিন অন্তত ৫০ কোটি টাকার লেনদেন হয়। কিন্তু পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় এ অর্থনৈতিক কর্মকাণ্ডে ভাটা পড়েছে। ক্ষতির মুখে পড়েছেন বড় ব্যবসায়ীদের পাশাপাশি হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী ডিসেম্বরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে মন্দা আরও দীর্ঘায়িত হতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা, কলাতলী ও হোটেল-মোটেল জোন ঘুরে পর্যটননির্ভর ব্যবসায়ীদের এমন দুরবস্থার চিত্র দেখা যায়।

বিকেল ৩টার দিকে লাবণী পয়েন্টে সৈকতের কিটকিট ব্যবসায়ী আসাদ উল্লাহর সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁর ২০টি চেয়ার ভাড়া দেওয়া হয়। গত দুই সপ্তাহে প্রতিটি চেয়ার থেকে সব মিলিয়ে আয় হয়েছে দেড় থেকে দুই হাজার টাকা। অথচ স্বাভাবিক সময়ে প্রতিটি চেয়ার থেকে একসময়ে প্রায় পাঁচ হাজার টাকা আয় হতো।

পর্যটন মৌসুমেও মন্দা, খালি কক্সবাজারের ৭০ শতাংশ হোটেল কক্ষ

বিচ বাইকচালক জুনায়েদ বলেন, আগে প্রতিদিন একটি বাইক ২০টি পর্যন্ত ভাড়া দেওয়া যেত। এখন পাঁচটির বেশি ভাড়া পাওয়া যাচ্ছে না। দিনে দেড় থেকে দুই হাজার টাকা আয় হলেও জ্বালানি খরচেই চলে যায় প্রায় ৭০০ টাকা। গাড়ি ভাড়া দেওয়ার পর নিজের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।

আরেক বিচ বাইকচালক আমির হোসেন জানান, পর্যটক বেশি থাকলে একটি বাইকে দিনে এক হাজার থেকে ১২০০ টাকার জ্বালানি খরচ করে চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া পাওয়া যেত। সেই আয় থেকে তাঁরা কমিশন হিসেবে পারিশ্রমিক পেতেন। কিন্তু গত ১০ থেকে ১৫ দিন ধরে খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে।

বিকেল ৪টার দিকে সুগন্ধা পয়েন্টে জিপচালক আলী আহমদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, পর্যটক থাকলে দিনে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ভাড়া পাওয়া যেত। কিন্তু গত পাঁচ দিনে কোনো ভাড়া পাননি।

আরেক চালক সিরাজ মিয়া বলেন, গত ১০ দিন ধরে ভাড়া এতটাই কম যে গাড়ি চালানোর খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।

সৈকতের লাইফগার্ডকর্মী রশিদ আহমদ বলেন, বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় গত দুই সপ্তাহ ধরে সৈকতে পর্যটকের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

সৈকতের মতো বিপণিবিতানগুলোতেও ক্রেতার সংকট দেখা দিয়েছে। কলাতলী পয়েন্টে সড়কের উত্তর পাশে টিএম বার্মিজ মার্কেটের ৪৫টি দোকানের অধিকাংশই পর্যটকনির্ভর। পর্যটন মৌসুম সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে লাখ লাখ টাকার পণ্য তুলেছেন। কিন্তু ক্রেতার অভাবে গত এক মাস ধরে দোকানগুলোতে অলস সময় কাটাচ্ছেন মালিক ও কর্মচারীরা।

বিকেল ৫টার দিকে মার্কেটটির সুইট গ্যালারি আচার বিতানের মালিক মোহাম্মদ ইমরান বলেন, আগে পর্যটন মৌসুমে টানা চার মাস ভালো ব্যবসা হতো। এবার দুই মাসের বেশি সময় ভালো ব্যবসার সুযোগ দেখছেন না। এরপরই শুরু হবে রমজান। দেশের পরিস্থিতি বিবেচনায় সামনের দিনগুলোতে ভালো ব্যবসা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ইমরান বলেন, বর্তমানে দিনে তিন থেকে পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে। কিন্তু এই আয় দিয়ে দোকানের খরচই উঠছে না।

একই মার্কেটের আবিদ বার্মিজ শপের মালিক মোহাম্মদ জামাল বলেন, পর্যটক বেশি থাকলে তাঁর দোকানে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার পণ্য বিক্রি হতো। এখন ক্রেতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে।

এসএফ পার্ল শপের মালিক জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে যা বিক্রি হচ্ছে, তা দিয়ে বিদ্যুৎ বিল, দোকানভাড়া ও কর্মচারীদের বেতন দেওয়াই কঠিন হয়ে পড়েছে।

রিজন স্টোরের মালিক রিজন নাথ বলেন, তাঁর দোকানের দৈনিক খরচ প্রায় চার হাজার টাকা। অথচ পণ্য বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকার।

এদিকে পর্যটক কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়। কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির তথ্য অনুযায়ী, শহরে ছোট, মাঝারি ও তারকামানের প্রায় সাড়ে ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্ট রয়েছে। এসব প্রতিষ্ঠানে দৈনিক এক লাখের বেশি মানুষ থাকার সক্ষমতা রয়েছে। কিন্তু পর্যটক কম থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানের অনেক কক্ষই ফাঁকা থাকছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কলাতলী মোড়ের মাঝারি মানের শাহজাদী রিসোর্টের হিসাবরক্ষক নুরুল হক মেহেদী বলেন, চলতি নভেম্বর মাসে প্রতিদিন রিসোর্টটির ২০ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হচ্ছে। বাকি কক্ষগুলো ফাঁকা থাকছে। ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও কাঙ্ক্ষিত বুকিং পাওয়া যাচ্ছে না। এতে ভ্যাট, কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে।

পর্যটন মৌসুমেও মন্দা, খালি কক্সবাজারের ৭০ শতাংশ হোটেল কক্ষ

হোটেল-মোটেল জোনের গ্যালাক্সি রিসোর্টের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার জয় গোস্বামী বলেন, তাঁদের রিসোর্টে মোট ৪০টি কক্ষ রয়েছে। চলতি নভেম্বর মাসে গড়ে ১০ থেকে ১৫টি কক্ষ বুকিং হচ্ছে। অথচ আগের বছরগুলোতে একসময়ে ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ বুকিং থাকত। বর্তমান আয় দিয়ে রিসোর্টের পরিচালন ব্যয় মেটানো যাচ্ছে না।

তারকামানের হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, সন্তানদের বিভিন্ন পরীক্ষা চলায় অনেক অভিভাবক পরিবার নিয়ে ভ্রমণে বের হচ্ছেন না। এতে ব্যবসায় চরম মন্দাভাব দেখা দিয়েছে। চলতি নভেম্বর মাসে তাঁদের হোটেলের কক্ষ বুকিং ২০ থেকে ৩০ শতাংশে নেমেছে। অথচ কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ হোটেল পরিচালনায় প্রতিদিন প্রায় সাড়ে আট লাখ টাকা খরচ হয়। বর্তমানে সেই খরচও উঠছে না।

সায়ীদ আলমগীর আরও বলেন, আগামী ডিসেম্বরের শুরুতে ব্যবসা কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পর্যটন ব্যবসায়ীরা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার নভেম্বর মাসে পর্যটকের সংখ্যা অনেক কম। বর্তমানে হোটেলগুলোতে দৈনিক ২০ হাজার মানুষও অবস্থান করছেন না। অথচ মৌসুম সামনে রেখে ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছেন, আনুষঙ্গিক খরচও বেড়েছে। এতে হোটেলগুলোতে প্রতিদিন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

আবুল কাশেম সিকদার আরও বলেন, অতীতে কক্সবাজারের পর্যটনশিল্পকে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও ধর্মঘটের বাইরে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল। ভবিষ্যতেও পর্যটনশিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, পর্যটন মৌসুমে হোটেল-রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ১৩টি খাতে প্রতিদিন অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা হয়। কিন্তু দেশের যেকোনো অস্থির পরিস্থিতিতে প্রথম দিকেই আঘাত আসে এ খাতে। এতে শুধু বড় ব্যবসায়ীরা নন, পর্যটননির্ভৈর ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষও ক্ষতিগ্রস্ত হন।

আবু মোরশেদ চৌধুরী আরও বলেন, পর্যটনশিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা জরুরি। পর্যটকের উপস্থিতি কমে গেলে এর প্রভাব শুধু হোটেল-মোটেল বা পরিবহন ব্যবসায় সীমাবদ্ধ থাকে না। সৈকতের ফটোগ্রাফার থেকে শুরু করে ক্ষুদ্র দোকানি পর্যন্ত পুরো পর্যটন অর্থনীতিতে এর প্রভাব পড়ে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *