টেকনাফে অস্ত্র, গুলি ও বোমা তৈরির উপকরণ জব্দ করল বিজিবি, আটক ২

টেকনাফে অস্ত্র, গুলি ও বোমা তৈরির উপকরণ জব্দ করল বিজিবি, আটক ২

টেকনাফে অস্ত্র, গুলি ও বোমা তৈরির উপকরণ জব্দ করল বিজিবি, আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে প্লাস্টিকের ড্রাম ও গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকানো আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির উপকরণ জব্দ করেছে বিজিবি।

শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুটি অটোরিকশা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। রবিবার সকালে টেকনাফ ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায়, বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রাম দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান নেওয়া হচ্ছে। নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব সরঞ্জাম পরিবহন করা হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে এলাকায় পাঁচটি চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় বিজিবি। এ সময় আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। অটোরিকশার চালকদের কাছে থাকা মালামাল সম্পর্কে জানতে চাইলে তারা সেগুলো সামনের মোটরসাইকেল আরোহীদের বলে জানান। বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

টেকনাফে অস্ত্র, গুলি ও বোমা তৈরির উপকরণ জব্দ করল বিজিবি, আটক ২

তিনি আরও জানান, পরে অটোরিকশা দুটি বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। এসময় অস্ত্র ও বিস্ফোরকের সরঞ্জাম লক্ষ্য করা যায়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪ রাউন্ড গুলি ও বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স উদ্ধার করা হয়।

উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার এবং বিভিন্ন দানার আরও ৬ কেজি ৬০৯ গ্রাম বিস্ফোরক দ্রব্য। এ ছাড়া বোমার ভেতরে ব্যবহারের উপযোগী ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল ও ৩ কেজি পেরেক উদ্ধার করা হয়েছে। মালামালগুলো পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে বিজিবি।

এ ঘটনায় আটকরা হলেন, টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। পালিয়ে যাওয়া তিনজনের পরিচয় ও তাদের সংশ্লিষ্টতা নিয়েও বিস্তারিত জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আটক দুজন ও উদ্ধার করা অস্ত্র-বিস্ফোরকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed