আসামের কুশিয়ারা নদী থেকে নিখোঁজ সেই বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আসামের শ্রীভূমি জেলার কুশিয়ারা নদী থেকে নিখোঁজ এক সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে স্টিমারঘাট এলাকায় নদী থেকে বিএসএফ জওয়ান কে. ভেনুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় সীমান্তে গরু পাচারকারীদের আটক করতে পরিচালিত অভিযানে অংশ নেওয়ার সময় রোববার রাতে নিখোঁজ হন কে. ভেনু। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অভিযান চলাকালে তিনি কুশিয়ারা নদীতে ডুবে যেতে পারেন।
তবে পরবর্তী সময়ে তাকে অপহরণের সম্ভাবনাও সামনে আসে। সন্দেহ করা হয়, বাংলাদেশের গরু পাচারকারীরা তাকে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে হত্যা করে থাকতে পারে। এ নিয়ে সীমান্তবর্তী এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়।
ঘটনার রহস্য আরও ঘনীভূত হয় মঙ্গলবার, যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ বিএসএফ সদস্য বাংলাদেশের ভূখণ্ডে রয়েছেন—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।
এরপর বুধবার সকালে কুশিয়ারা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তিনি অভিযানের সময় নদীতে ডুবে মারা গেছেন, নাকি অপহরণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
তার মৃত্যুর প্রকৃত কারণ এবং নিখোঁজ হওয়ার পর কী ঘটেছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।