ত্রিদেশীয় অর্থনৈতিক করিডর চাইলে রাখাইনে স্থিতিশীলতা আনতে হবে চীনকেই: ইসমাইল জবিউল্লাহ
![]()
জার্নাল প্রতিবেদক
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াকফিউ পর্যন্ত যোগাযোগ স্থাপন করা গেলে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডর গড়ে তোলার পথ সহজ হতে পারে। তবে এ জন্য চীনকে রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
আজ সকালে ঢাকা ফোরাম ২০২৬-এ বক্তব্যে ইসমাইল জবিউল্লাহ এসব কথা বলেন। বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় সংলাপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, চীনের বন্দর ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে। বাংলাদেশের বন্দর ও সমুদ্র অবকাঠামোর উন্নয়নেও চীনের সহযোগিতা কাজে আসতে পারে।
তিনি আরও বলেন, শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক মানে শুধু উচ্চপর্যায়ের সফর নয়; বরং এসব সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নও জরুরি।
ঢাকা ফোরামের বক্তব্যে ঢাকায় নিযুক্ত চীনের শার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়িন বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে সুনির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত চীন। বাংলাদেশের বন্দর ও সমুদ্র অবকাঠামো শক্তিশালী করতেও আগ্রহী বেইজিং।
লিউ ইউয়িন আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার ও সুশীল সমাজের সঙ্গে একযোগে কাজ করতে চায় চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল বেইজিং। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকে নিরাপত্তার ঢাল হিসেবেও ব্যাখ্যা করেন এই কূটনীতিক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।