পায়ে আঘাত নিয়ে আবারও টেকনাফের লোকালয়ে বন্য হাতি
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে পেছনের ডান পায়ে আঘাতের চিহ্ন নিয়ে আবারও লোকালয়ে চলে এসেছে একটি বন্য হাতি।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহারছড়ার হলবনিয়াপাড়া খেলার মাঠসংলগ্ন এলাকায় হাতিটিকে দেখা যায়। এ সময় হাতিটির ডান চোখও বন্ধ ছিল। অসুস্থ হাতিটিকে দেখতে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। একপর্যায়ে হাতিটিকে বনে ফেরাতে কেউ কেউ ঢিল ও আগুন ছুড়ে মারেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, অসুস্থ হাতিটিকে বিরক্ত না করে নিরাপদে বনে ফিরে যেতে সহযোগিতা করা প্রয়োজন। এদিকে বাহারছড়া এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটিকে আবারও বনে ফেরানোর চেষ্টা করছেন। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম শরীফ বলেন, অসুস্থ শরীর নিয়েই হাতিটি লোকালয়ে চলে আসে। এ সময় স্থানীয় বাসিন্দাদের বসতভিটায় তাণ্ডব চালায়। হাতিটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। তবে হাতিটিকে যেন কেউ ঢিল ছুড়ে বা অন্য কোনোভাবে বিরক্ত না করেন, সে বিষয়ে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।
তিনি বলেন, হাতিটিকে বনে ফিরে যেতে বাধা দিতে কেউ কেউ ঢিল ও আগুন ছুড়ে মারছেন। এতে হাতিটি আরও আতঙ্কিত ও বিপদগ্রস্ত হতে পারে।
বাহারছড়া এলিফ্যান্ট রেসপন্স টিমের সভাপতি হাবিব হোসেন বলেন, একটি হাতিটিকে চিকিৎসা দিয়ে নিরাপদে বনে পাঠানো হয়েছিল। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই আরো একটি হাতি আবার অসুস্থ অবস্থায় লোকালয়ে চলে এসেছে। এই হাতিটি কি সেই চিকিৎসা করা হাতি তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করছি। একই সঙ্গে যারা হাতিটিকে বিরক্ত করছেন, তাদের নিষেধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি আমরা।
এর আগে গত ১৬ নভেম্বর ভোরে টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে আহত একটি স্ত্রী হাতিকে নিয়ে লোকালয়ে নেমে আসে একটি পুরুষ হাতি। বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত ছিল। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতে পারছিল না সেটি। তবে পুরুষ হাতিটি এক মুহূর্তের জন্যও আহত সঙ্গীকে ছেড়ে যায়নি।
পরে বন বিভাগের কর্মীরা ড্রোনের সাহায্যে হাতিটির অবস্থান শনাক্ত করেন। ১৮ নভেম্বর বন্যপ্রাণী চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল প্রায় পাঁচ ঘণ্টা ধরে হাতিটির চিকিৎসা দেয়। দূর থেকে বিশেষ ইনজেকশন প্রয়োগ করে চিকিৎসা করা হয়। এ সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান সেই সময় জানিয়েছিলেন, পাহাড়ে অবস্থানরত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হাতিটিকে গুলি করে থাকতে পারে বলে তাদের ধারণা। কারা এবং কী কারণে হাতিটিকে গুলি করেছে, তা শনাক্তে অনুসন্ধান শুরু হয়েছে। চিকিৎসা শেষে পুরুষ হাতিটির সঙ্গে স্ত্রী হাতিটি আবারও গভীর বনে ফিরে যায়। পরবর্তী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে হাতিটির গতিবিধি ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল বন বিভাগ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।