সীমান্ত বিরোধ নিরসন ও মাদক পাচার দমনে যৌথ অভিযান চালাবে আসাম-মিজোরাম
![]()
জার্নাল প্রতিবেদক
দীর্ঘদিনের আন্তঃরাজ্য সীমান্ত বিরোধ নিরসনে সংলাপ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক পাচার এবং চুরি হওয়া যানবাহন শনাক্ত ও উদ্ধারে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের আসাম ও মিজোরাম রাজ্য।
গত ২৭ নভেম্বর দুই রাজ্যের সীমান্তবর্তী তিন জেলার প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ভিডিও কনফারেন্সে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মিজোরামের কোলাসিব ও মামিত জেলার ডেপুটি কমিশনার এবং আসামের হাইলাকান্দি জেলার ডেপুটি কমিশনার অংশ নেন। পাশাপাশি তিন জেলার ঊর্ধ্বতন পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় যেকোনো বিরোধ, সমস্যা কিংবা উত্তেজনা সৃষ্টি হলে তা সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে কর্মকর্তারা একমত হন। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই রাজ্যের প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, মাদক পাচার প্রতিরোধ এবং চুরি হওয়া যানবাহন শনাক্ত ও উদ্ধারে পুলিশ ও বন বিভাগের সদস্যদের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃরাজ্য অপরাধ মোকাবিলায় দুই রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তথ্য বিনিময় ও সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
মিজোরামের আইজল, কোলাসিব ও মামিত জেলা আসামের কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সঙ্গে মোট ১৬৪ দশমিক ৬ কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে। দীর্ঘদিন ধরে এই সীমান্ত নিয়ে দুই রাজ্যের মধ্যে বিরোধ চলে আসছে।
সীমান্ত বিরোধের মূল সূত্রপাত ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্ধারিত দুটি পৃথক সীমানা রেখাকে কেন্দ্র করে। এর একটি ১৮৭৫ সালে বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশনের অধীনে নির্ধারিত হয় এবং অন্যটি ১৯৩৩ সালে চিহ্নিত করা হয়েছিল। এই দুটি পৃথক সীমানা নির্ধারণকে ঘিরেই আসাম ও মিজোরামের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধের সৃষ্টি হয়েছে।
বছরের পর বছর ধরে এ বিরোধকে কেন্দ্র করে দুই রাজ্যের সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। ২০২১ সালের ২৬ জুলাই মিজোরামের ভাইরেংতে গ্রামের কাছে দুই রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষে ছয়জন আসাম পুলিশ সদস্যসহ মোট সাতজন নিহত হন। ওই ঘটনা দুই রাজ্যের সীমান্ত বিরোধকে আরও জটিল করে তোলে।
২০২১ সালের আগস্ট থেকে সীমান্ত বিরোধ নিরসনে দুই রাজ্যের মধ্যে অন্তত চার দফা মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক আলোচনা ও ভার্চুয়াল বৈঠকও হয়েছে। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টার অংশ হিসেবে সর্বশেষ বৈঠকে সীমান্তে শান্তি বজায় রাখা এবং আন্তঃরাজ্য অপরাধ মোকাবিলায় যৌথ সহযোগিতা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।