দীঘিনালার দুর্গম শীলছড়িতে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা শীলছড়িতে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শীলছড়ি এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের শারীরিক সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন চিকিৎসক। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। অনেক মানুষ দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। তাই মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চিকিৎসাসেবা নিতে আসা মেকি চাকমা বলেন, তাঁদের এলাকায় চিকিৎসার জন্য দূরে যেতে হয়। সেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় তাঁরা অত্যন্ত উপকৃত হয়েছেন। এ উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আরেক সেবাগ্রহীতা বিজয় চাকমা বলেন, দুর্গম এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প স্থানীয় মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় এলাকার সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সীমিত হওয়ায় বিজিবির এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তাঁরা এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।