থানচির দুর্গম পাহাড়ে বিজিবির যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিজিবির বান্দরবান সেক্টর ও থানচি ব্যাটালিয়ন (৬৫ বিজিবি)র সমন্বয়ে পরিচালিত এ অভিযানে টেন্ডুমুখ বিওপির দায়িত্বপূর্ণ আবোয়া পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল এবং ৬৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৬৫ বিজিবির অধীন টেন্ডুমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আবোয়া পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই এলাকার একটি বাঁশবাগান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭.৬২×৩৯ মিলিমিটার ১৭ রাউন্ড এবং ৯.৯৬ মিলিমিটার ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া গোলাবারুদের সংখ্যা ৯৯ রাউন্ড। উদ্ধার করা গোলাবারুদ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি হেফাজতে রাখা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গোলাবারুদ কোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গোলাবারুদগুলো সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা শনাক্তে অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুত এবং সশস্ত্র তৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিজিবি। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।