আগামী ১০ জানুয়ারি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ - Southeast Asia Journal

আগামী ১০ জানুয়ারি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘মুজিব বর্ষ’ যথাযোগ্য মর্যাদায় জাতীয়/আন্তর্জাতিকভাবে উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে জাতীয় বাস্তবায়ন কমিটির সহযোগিতায় ও সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আগামী ১০ জানুয়ারি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল আয়োজক কমিটি ঢাকা সেনানিবাস মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আয়োজক কমিটির সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান ওএসপি (বার), এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এবং ট্রাস্ট ইনোভেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান এবং অন্যান্য কর্মকর্তা।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি-এর সার্বিক দিকনির্দেশনায় ও উৎসাহে বাংলাদেশ সেনাবাহিনী মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্পোর্টস ভিশন লিমিটেড ও ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

এর আগে বাংলাদেশে অনেক ম্যারাথন হলেও এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশী-বিদেশী খ্যাতনামা দৌড়বিদ (১৮ বছরের ঊর্ধ্বে) এ ম্যারাথনে অংশগ্রহণ করবেন। নারী ও পুরুষ দুই বিভাগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি ১০ জানুয়ারি সকাল ৬টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল এলাকায় শেষ হবে। ম্যারাথনটি তিনটি ক্যাটাগরিতে পরিচালনা করা হবে। ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের ফুল ম্যারাথনে দেশী ও বিদেশী ১০০ দৌড়বিদ (শুধু ম্যারাথনে অংশগ্রহণ ও সমাপ্ত করার অভিজ্ঞতাসম্পন্ন প্রতিযোগী) অংশ নেবেন। ২১ দশমিক ০৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে ১০০ বাংলাদেশী দৌড়বিদ যাদের শুধু অতীতে ম্যারাথনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তারা অংশগ্রহণ করবেন।

এছাড়া ডিজিটাল ম্যারাথনে ‘মুজিব বর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’ স্লোগান মাথায় রেখে মোবাইল অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো স্থান থেকে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করতে পারবেন। দৌড়বিদরা আগামী ১০ জানুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে বয়সভিত্তিক নিজস্ব সময়ে সুবিধাজনক স্থানে দৌড় সম্পন্ন করবেন। ডিজিটাল ম্যারাথনে পাঁচ কিলোমিটার, ১০ কিলোমিটার, হাফ ও ফুল ম্যারাথন আয়োজিত হবে। ফুল ম্যারাথন টেলিভিশনে দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে। উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এ আয়োজন পরিচালনা করা হবে।

শিগগিরই সাধারণ জনগণের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা উন্মুক্ত করে দেয়া হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’-এর অফিশিয়াল ওয়েবসাইট (www.dhakamarathon.com.bd) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে (পরে সবাইকে অবগত করা হবে) জানা যাবে।

You may have missed