রাঙামাটির পাহাড়ে হাতি তাড়াতে সোলার ফেন্সিং, বরাদ্দ মিললে সেপ্টেম্বরেই কাজ শুরু - Southeast Asia Journal

রাঙামাটির পাহাড়ে হাতি তাড়াতে সোলার ফেন্সিং, বরাদ্দ মিললে সেপ্টেম্বরেই কাজ শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হাতির চলাচলের পথে সৌরবিদ্যুৎ দিয়ে সহনীয় পর্যায়ে বৈদ্যুতিক প্রবাহযুক্ত তারের বেড়া দেওয়া হবে। যাতে স্পর্শে এলে শক লেগে সরে যাবে হাতি। কিন্তু হাতির মনোদৈহিক কোনো ক্ষতি হবে না। এই কৌশলের নাম ‘সোলার ফ্যান্সিং’। দেশে এটিই হতে যাচ্ছে এ ধরনের প্রথম কোনো প্রকল্প। এর সঙ্গে যুক্ত হচ্ছে ‘জনসচেতনতা’ তৈরির কাজ। এতে বরাদ্দ মিললে আগামী সেপ্টেম্বরেই কাজ শুরু হবে। রাঙামাটির কাপ্তাইয়ে আট কিলোমিটার দৈর্ঘ্যরে এই সোলার ফ্যান্সিং নির্মাণ করা হবে।

প্রকল্পটির নেপথ্যে রয়েছে বুনোহাতি আর মানুষের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে গত আট বছরে পাহাড়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। আর প্রতিশোধপরায়ণ মানুষের হাতে পাঁচ বছরে মারা পড়েছে ছয়টি হাতি। এর মধ্যে বৈদ্যুতিক ফাঁদেই মারা যায় চারটি। আর চোরা শিকারির গুলিতে একটি। তাই হাতি-মানুষের এই দ্বন্দ্ব নিরসনে ‘সোলার ফ্যান্সিং’ আর ‘জনসচেতনতা’ তৈরি- এই দুই ‘অস্ত্র’ ব্যবহার করতে চায় স্থানীয় বন বিভাগ। এরই মধ্যে রাঙামাটি বন বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বিভাগটি বলছে, ‘হাতি ও মানুষকে নিরাপদ রাখাই হলো প্রধানতম চ্যালেঞ্জ।

তবে এসব হাতির মৃত্যুর একটি ঘটনাতেও মামলা হয়নি। স্থানীয়দের মতে, এর বাইরেও আরও হাতি মারা পড়ছে, যা বন বিভাগের হিসাবের খাতায় উঠছে না। এমনকি রাঙামাটি জেলায় কতসংখ্যক বন্যহাতি রয়েছে, তার হিসাবও নেই বন বিভাগে। কেবল সরকারি সহায়তা পাওয়া নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষের পরিসংখ্যান রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের হিসাবে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত পাঁচ বছরে ছয়টি হাতি মারা পড়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২০১৭ সালের ২৪ নভেম্বর গভীর রাতে কাপ্তাইয়ের রাইখালী ডংনালা লম্বাঘোনা পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক তারের ফাঁদে মারা হয় একটি মা হাতিকে। ২০১৬ সালের ১০ এপ্রিল কর্ণফুলী রেঞ্জে বৈদ্যুতিক তারের ফাঁদে একটি মা হাতি মারা পড়ে। ২০১৫ সালের ২ জুলাই জীবতলী পিকনিক স্পট এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা পড়ে মা হাতি ও তার শাবক। ২০১৪ সালের ২২ অক্টোবর শুকনাছড়ি বিটে চোরা শিকারির গুলিবিদ্ধ হয়ে মারা পড়ে একটি হাতি। ২০১২ সালের ৮ জুন কর্ণফুলী রেঞ্জে প্রসবকালীন মারা যায় একটি হাতি।

আর গত আট বছরে জেলায় বুনোহাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ২০ জন। এর মধ্যে শুধু কাপ্তাই উপজেলাতেই গত তিন বছরে নয়জনের প্রাণহানি ঘটে। সর্বশেষ গত ২৮ দিনের ব্যবধানে কাপ্তাই ও লংগদুতে তিনজনের প্রাণহানি ঘটে। এর মধ্যে গত রবিবার (৪ এপ্রিল) লংগদুতে আবদুল মালেক (৬৫), কাপ্তাইয়ে ৭ মার্চ একজন ও ১১ মার্চ কাপ্তাই-আসামবস্তি সড়কের কামাইল্যাছড়ি এলাকায় ঢাকার তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিষেক পাল (২১) নিহত হন। এর আগে ২০২০ সালে হাতির আক্রমণে একজন নিহত ও দুজন আহত হন। ২০১৯ সালের মার্চ-এপ্রিলে জুমে কাজ করতে গিয়ে দুই মাসের ব্যবধানে তিনজন নিহত ও তিনজন আহত হন। ২০১৮ সালে হাতির আক্রমণে জীবতলীতে এক নারী ও ২০১৭ সালে কাপ্তাই নেভির সৈনিক তৌহিদুর রহমান নিহত হন। এ ছাড়া ২০১৩ সালে একজন, ২০১৪ সালে তিনজন, ২০১৫ সালে চারজন ও ২০১৬ সালে দুজন নিহত হন।

রাঙামাটির পাবলাখালী অভয়ারণ্য ও কাপ্তাই জাতীয় উদ্যান এলাকার হাতির কোনো পরিসংখ্যান নেই বন বিভাগের কাছে। ২০১৫ সালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন কাপ্তাই এলাকায় জরিপ চালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। ওই জরিপে ৫৭টি বন্যহাতি আছে বলে জানানো হয়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগে জরিপ না চালানোয় হাতির প্রকৃত সংখ্যা অজানাই থেকে যায়। তবে স্থানীয় অধিবাসীদের মতে, ওই এলাকায় অন্তত ৬০টির মতো হাতির বিচরণ আছে।

মূলত এশীয় ও আফ্রিকান এই দুই প্রজাতির হাতিই রয়েছে পৃথিবীতে। এশীয় হাতির প্রজাতিটিই পার্বত্য চট্টগ্রামে বিচরণ করেছে। এর বৈজ্ঞানিক নাম ঊষবঢ়যধং সধীরসঁং। এদের গড় আয়ু মানুষের মতোই, ৬০ থেকে ৭০ বছর। ১৫ থেকে ২০ বছর বয়সেই সন্তান জন্ম দেওয়া শুরু করে হস্তিনী।

বন বিভাগ জানিয়েছে, হাতির করিডোরের মধ্য দিয়েই রাঙামাটি-কাপ্তাই আসামবস্তি ১৮ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। নির্বিচারে বন উজাড় হওয়ায় খাদ্য সংকটে পড়েছে হাতি। মূলত সহজলভ্য খাবার খেতেই হাতির পাল লোকালয়ে চলে আসছে। এ ছাড়া ঘরবাড়ি, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা আর সড়ক নির্মাণ করায় হাতির চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এসব আমলে নেয়নি মানুষ। ফলে হাতি-মানুষ দ্বন্দ্ব হচ্ছে।

রাঙামাটির প্রধান বন সংরক্ষক সুবেদার ইসলাম বলেন, হাতি ও মানুষকে নিরাপদ রাখাই হলো এ মুহূর্তে বন বিভাগের প্রধানতম চ্যালেঞ্জ। এ জন্য সোলার ফ্যান্সিং ও জনসচেতনতার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। জরিপ না হওয়ায় হাতির প্রকৃত সংখ্যা জানা যায়নি। তবে স্থানীয়দের মতে, এর সংখ্যা ৪০ থেকে ৬০টির মতো হবে।

এ কর্মকর্তা আরও বলেন, হাতিকে রক্ষা করতে হলে এর চলার পথ বা করিডোর ও বসতি রক্ষা করতে হবে। হাতির বিচরণক্ষেত্রে মানুষের অবাধ চলাচল বন্ধ করতে হবে। একই সঙ্গে পশুখাদ্য উপযোগী বাগানও তৈরি করতে হবে। তবেই হাতি ও মানুষের দ্বন্দ্ব বন্ধ হবে; রক্ষা পাবে উভয়েরই প্রাণ; সুরক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্যও।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহ বলেন, ‘জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতার মধ্যেই বন্যপ্রাণী সুরক্ষায় কাজ করছে স্থানীয় বন বিভাগ। ইতোমধ্যেই জনসচেতনতা সভা, কর্মশালা, প্রশিক্ষণ, হাতি চলাচলের পথে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন ও পশুখাদ্য উপযোগী বাগান সৃজনে কাজ করছে বন বিভাগ।

You may have missed