২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালিয়েছে মিয়ানমার। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ রায় দিয়েছেন।
এতে জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে মিয়ানমার।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত। মামলায় ১১টি রাষ্ট্রও অংশ নিয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে এই জেনোসাইড সংঘটিত হয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
আদালত আরো বলেছেন, জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশনের অধীনে মিয়ানমার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এসব দায়িত্বের মধ্যে রয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করা ব্যক্তিদের মাধ্যমে জেনোসাইড সংঘটন প্রতিরোধ করা, জেনোসাইড ও কনভেনশনে উল্লেখ করা অন্যান্য অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং কনভেনশন বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা।
তবে আদালত জানিয়েছেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যক্তিগত পর্যায়ে জেনোসাইড চালানোর জন্য মিয়ানমার সরাসরি ও প্রকাশ্যে কোনো উসকানি দেয়নি।
আদালত আরো বলেছেন, জেনোসাইডর অভিযোগ-সংক্রান্ত প্রমাণ নষ্ট হওয়া ঠেকানো এবং সেগুলো সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে মিয়ানমার ব্যর্থ হয়েছে।
২০২০ সালের ২৩ জানুয়ারি আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী, এসব প্রমাণ সংরক্ষণ করা মিয়ানমারের দায়িত্ব ছিল। কিন্তু দেশটি সেই নির্দেশনা ও বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।কনভেনশন লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। আদালত বলেছেন, জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশনের অধীনে নিজেদের দায়িত্ব পুরোপুরি পালনে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে এবং সব ধরনের চলমান লঙ্ঘন বন্ধ করতে হবে।
এ ছাড়া জেনোসাইড ও কনভেনশনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে।
প্রয়োজনে তাদের বিচার ও শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে প্রয়োজনীয় নিশ্চয়তা ও প্রতিশ্রুতি দিতে বলেছেন আদালত। রোহিঙ্গাদের ক্ষতিপূরণের বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন বিচারকেরা।
আদালতের নির্দেশ অনুযায়ী, মিয়ানমারের ভেতরে কিংবা বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ও বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া জেনোসাইডসহ বিভিন্ন অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
পরিশেষে, ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। এ জন্য আজকের রায়ের তারিখ থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে কী কী পুনর্বাসনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণের পরিমাণ ও তা প্রদানের পদ্ধতি কী হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।