খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনের বৃক্ষরোপন অভিযান- ২০২২ এর শুরু হয়েছে।

সকালে (৬ জুন) ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২২ এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এসময় অনুষ্ঠানের খাগড়াছড়ি প্রান্তে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোহাম্মদ এনামুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন।

এসময় আর্মি সিকিউরিটি ইউনিটের (এএসইউ) খাগড়াছড়ি ডেট কমান্ডার লে. কর্ণেল এম এম শফিকুর রহমান, রিজিয়ন অধীনস্ত বিভিন্ন জোনের অধিনায়ক, উপ-অধিনায়কসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও সকল পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন এদিন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে সামনে একটি গাছের চারা রোপন করেন। এরপর উপস্থিত অন্যান্য সেনা কর্মকর্তা ও সদস্যরাও গাছের চারা রোপন করেন।

এদিকে, খাগড়াছড়িতে বৃক্ষরোপনের পরপরই রিজিয়ন অধীনস্ত বাঘাইহাট জোন কর্তৃক জোন সদরের প্রশিক্ষণ মাঠ সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপন অভিযান- ২০২২ শুরু করা হয়।

এ উপলক্ষ্যে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসীর রহমান চৌধুরী জোন সদরের প্রশিক্ষণ মাঠ সংলগ্ন এলাকায় একটি আম গাছের চারা রোপন করেন। চারা রোপন শেষে ধর্মীয় শিক্ষক মোঃ শরিফুল ইসলাম বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় জোনের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা অংশ নেন।

এছাড়া একই সময়ে দীঘিনালা জোন সদরেও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ এর নেতৃত্বে জোন সদরের বিভিন্ন স্থানে আম, জাম, আমলকিসহ ১৬টি জাতের বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।

এসময় জোনের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা অংশ নেন। চারা রোপন শেষে সৈনিক মোঃ মোমিন মিয়া বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

উল্লেখ্য, গত ১৬ জুন সেনাবাহিনী প্রধান সেনা সদরে সেনাবাহিনীর বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন। ‘‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদাসমূহ, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করেছেন। সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। সকল সেনানিবাস, নোয়াখালীর স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে যা আগামী ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার গাছের চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুরণনে বাংলাদেশের প্রগতির ধারা চলমান রাখতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্যে।