দীঘিনালায় ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

দীঘিনালায় ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

দীঘিনালায় ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার দুর্গম বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের একটি রুট চিহ্নিত করে ভোররাতে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করে। অভিযানের একপর্যায়ে ৩ থেকে ৪ জন ইউপিডিএফ সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলেও জানা গেছে। পরবর্তীতে পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।

এসময় একটি পরিত্যক্ত ঘর এবং গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট (ওয়াচ টাওয়ার সদৃশ কাঠামো) শনাক্ত করা হয়, যা সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ঔষধ এবং একটি টি-শার্ট। উদ্ধারকৃত এসব সরঞ্জাম সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্থানীয়দের মধ্যেও এ ধরনের অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।