ভারতের পশ্চিমবঙ্গে পুরোপুরি শুরু হলো ‘বুলডোজার অভিযান’
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে পুরোপুরি শুরু হলো ‘বুলডোজার অভিযান’। কলকাতার একটি বাড়িতে অবৈধভাবে তৈরি কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো শুভেন্দু প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন নতুন সরকারের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই হুঁশিয়ারি শতভাগ সত্যি করলেন রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তপসিয়ার একটি চামড়া কারখানা বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা। ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে, ওই বাড়িতে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন।
ঘটনার পরই কারখানার মালিকসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
বহুতল ভবনটি অবৈধভাবে তৈরি হয়েছিল বলে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু। অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল না। এরপরই অবৈধ কাঠামো ভাঙার নির্দেশ দেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের উপস্থিতিতে বহুতল খালি করে শুরু হয় ভাঙার কাজ।
এদিকে ঘটনাস্থলে ছিলেন খোদ রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অবৈধ ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, তাদের নোটিশ পাঠানোর কথা জানিয়ে তিনি অভিযুক্তদের প্রথমে সংশোধনের সুযোগ দিতে চান। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
বিজেপির নতুন সরকার বলছে, কলকাতাসহ রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ এবং বিপজ্জনক কারখানার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন কেটে দেয়ার কথাও বলা হয়েছে।
তবে এই তড়িঘড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। একে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেন অনেকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।