রাঙামাটিতে দেশের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি উন্মোচন
![]()
নিউজ ডেস্ক
চার কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের সবচেয়ে বড় ‘সিংহশয্যা’ বুদ্ধমূর্তিটি দর্শনার্থীর জন্য উন্মোচন করা হয়েছে। বুধবার রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদর সুবলং শাখা বনবিহারে ১২৬ ফুট দৈর্ঘ্য সিংহশয্যা বুদ্ধমূর্তি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
জুরাছড়ি উপজেলা সদর ইউনিয়নের বালুখারীমুখ গ্রামে সুবলং শাখা বনবিহারে সকাল সাড়ে ৮টায় প্রথমে ১২৬ ফুট গৌতম বুদ্ধমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে বৌদ্ধভিক্ষু, পরে সাধারণ ভক্তরা ফুল দেন। এর পরে গৌতম বুদ্ধমূর্তিটির ফলক উন্মোচন করেন রাঙামাটি রাজবন বিহারের ভিক্ষুসংঘের প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।
এ সময় উপস্থিত ছিলেন বৃগু মহাস্থবির ও বিশুদ্ধানন্দ মহাস্থবির। অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা উপস্থিত ছিলেন। বিকেল ৩টার দিকে দেশে দীর্ঘতম সিংহশয্যায় শায়িত ১২৬ ফুট দৈর্ঘ্যের গৌতম বুদ্ধের মূর্তি চীবর পরিধান (বিশেষ পোশাক) পরিয়ে দেওয়া হয়।
এরপর পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিস্কার দান, বিশেষ প্রার্থনা, ভিক্ষুদের ধর্মীয় উপদেশ ও হাজারো বাতি প্রজ্বালন করা হয়। অনুষ্ঠানে মিয়ানমার থেকে আসা ভিক্ষু ও ভক্তরা অংশগ্রহণ করেন।
সুবলং শাখা বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রচারক চাকমা জানান, ১২৬ ফুট বুদ্ধমূর্তি দেশে প্রথম নির্মাণ করা হয়েছে।
তিনি জানান, এ উপলক্ষে আমরা তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ প্রথম দিনে দেশ ও দেশের বাইরের ভারত, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে আসা ভিক্ষু ও ভক্তরা অংশগ্রহণ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার আরও মানুষের সমাগম ঘটবে।
শ্রাবক বুদ্ধ পরিনির্বাণপ্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের স্মরণে জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে এ বুদ্ধমূর্তিটি নির্মাণ করা হয়।