ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন
![]()
নিউজ ডেস্ক
ইয়াবা পাচারের মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ দইলা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তারা।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, ‘২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হন আট রোহিঙ্গা। টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। শুনানি শেষে বিচারক আজ মামলার রায় ঘোষণা করেন।’
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকূলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হন ওই আট জন। তাদের বিরুদ্ধে কোস্টগার্ডের কর্মকর্তা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।