টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় ২ মাদক ব্যবসায়ী আটক
![]()
নিউজ ডেস্ক
টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়ার মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব-১৫ কক্সবাজার।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
রবিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে র্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন (মহেশখালীয়াপাড়া) টেকনাফ জিরো পয়েন্ট থেকে মেরিন ড্রাইভগামী রাস্তার বীচ পয়েন্ট সংলগ্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে। সে অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে সর্বমোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা কক্সবাজার সদর উপজেলার ১২নং ওয়ার্ড মধ্যম লাইট হাউসের মো. দেলোয়ার হোসেনের ছেলে তোফায়েল আহমেদ প্রকাশ রুবেল (৩৫) এবং টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কচুবুনিয়া এলাকার কবির আহমদের ছেলে মো. জিয়াবুল (২১)।
আভিযানিক দল ঘটনাস্থলে পোঁছানোর সামান্য পূর্বে একজন মাদক ব্যবসায়ী দ্রুত অন্ধকারে পালিয়ে যায় মর্মে আটক ব্যক্তিরা স্বীকার করে বলে তারাসহ পলাতক ব্যক্তিসহ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত গাঁজা অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
প্রশাসন জানান উদ্ধারকৃত গাঁজাসহ আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।