সেন্টমার্টিনে ভেসে এল অজ্ঞাত নারীর মরদেহ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুরে সেন্টমার্টিন পশ্চিম বীচ এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বুধবার দুপুরে সেন্টমার্টিনের পশ্চিম সৈকত এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া মরদেহটির মাথা বিচ্ছিন্ন ছিল এবং দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পুরো শরীর পচে গেছে।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ জানান, জোয়ারের পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সৈকত এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তবে বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য মূল ভূখণ্ডে পাঠানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের সহযোগিতায় সেন্টমার্টিন দ্বীপের একটি কবরস্থানে মরদেহটি দাফন করা হয়।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ওসমান গনি জানান, সেন্টমার্টিনে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সম্পূর্ণ পচে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এছাড়া বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি টেকনাফ থানায় বা ময়নাতদন্তের জন্য মূল ভূখণ্ডে পাঠানো যায়নি। পরে স্থানীয়দের উপস্থিতিতে সেন্টমার্টিনের একটি কবরস্থানে মরদেহটি দাফন করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।