ছয় দিন ধরে পানি নেই বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে গত ছয় দিন ধরে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি, রোগী ও তাদের স্বজনেরা সকলেই। তবে বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থার জন্য হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বজ্রপাতে স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র পানির মোটরটি নষ্ট হয়ে গেছে। এতে পানি সরবরাহ না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি রোগীর সবাই। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে গেলেও তারাও তাৎক্ষণিক কোন সমাধান দিতে পারছেন না।
রবিবার (৩০ এপ্রিল) ভর্তি এক রোগী সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরে হাসপাতালের বাথরুমে পানি নেই। যার ফলে রোগীরা অনেক বেশি কষ্টে আছে।
বিষয়টি নিয়ে হাসপাতালে বিভিন্ন রুগীর সাথে কথা বললে রোগীরা জানায়, কয়েকদিন ধরে পানির সমস্যায় ভুগছে তারা, ডাক্তার বা নার্সদের জিজ্ঞাসা করলে তারা জানায়, পানির মোটর নষ্ট হয়ে গেছে। মেরামত করতে দেয়া হয়েছে এবং আপাতত যার যার পানি তাকে ব্যবস্থা করতে বলা হয়।
ডায়রিয়া রোগে আক্রান্ত রোগী মো. ইউসুফ বলেন, তিনি চারদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। টয়লেট ব্যবহারের পানি বাইরে থেকে এনে ব্যবহার করছেন তারা। তিনি আরও জানান, এই গরমে দুইদিন ধরে গোসল করা হয়নি পানির জন্য।
শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত রোগী আমেনা বেগম বলেন, হাসপাতালের নার্স ও ডিউটি ডাক্তাররা অনেক আন্তরিক, ভালো চিকিৎসা দিচ্ছেন। কিন্তু ৪-৫ দিন ধরে পানি নাই। তাই তারা বলছে, যার যার পানি তাকে বাইরে থেকে এনে ব্যবহার করতে।
পানি না থাকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গত ২৪ তারিখ বজ্রপাতে হাসপাতালের পানির মোটরটি নষ্ট হয়ে যায়, মেরামত করার জন্য দেয়া হয়েছে। আরও একদিন সময় লাগতে পারে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বিষয়টি জানতে পেরে দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত পানির ব্যবস্থার জন্য হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।