কাপ্তাই হ্রদে বার্গী লেক ভ্যালী প্রিমিয়াম হাউজ বোট উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদ ভ্রমণের পাশাপাশি হ্রদে রাত্রিযাপনের রোমাঞ্চকর অনুভূতি নিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে হাউজ বোট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাই হ্রদকে দূষণ মুক্ত রাখতে বার্গী লেক ভ্যালী প্রিমিয়াম হাউজ বোট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ মে) সকালে বেসরকারি পর্যটন কেন্দ্র বার্গী লেক ভ্যালীর পাশে কাপ্তাই হ্রদে ভারতের কাশ্মীরের আদলে তৈরি সুসজ্জিত মনোরম হাউজ বোটের ফিতা কেটে উদ্বোধন করেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। পরে তিনি হাউস বোটের বিভিন্ন সুসজ্জিত কক্ষ ঘুরে দেখেন।
এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংশুসাইন চৌধুরী, রাঙ্গামাটির সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বার্গী লেক ভ্যালীর ম্যানেজিং ডাইরেক্টর সুমেত চাকমা ও বাপ্পী তংচংগ্যা প্রমুখ।
মোট ৬৫ লাখ টাকার ব্যয়ে কাপ্তাই হ্রদকে দূষণ মুক্তের হাত থেকে রক্ষার উদ্দেশ্য নির্মিত হাউজ বোটে মোট ১২টি কক্ষ প্যাকেজ ভিত্তিতে ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুলভ মূল্য পর্যটকরা বিনোদন উপভোগ করতে পারবেন।