কুড়িগ্রামে দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক
![]()
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি সোনার বারসহ এক পাচারকারী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ১৪টি সোনার বারের আনুমানিক মূল্য ১ কোটি চল্লিশ লাখ টাকা বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
শুক্রবার (১২ মে) দুপুরে আন্তাজার্তিক মেইন পিলার নং ৯৪২ এর সাব পিলার ৮ এসের পাশ থেকে অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দের নেতৃত্বে ৯৪২/৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর গ্রামের ঈদগাঁর পাশের রাস্তার ধারে ওৎ পেতে থাকে এবং বিজিবি টহলদল মোটরসাইকেলযোগে একজন ব্যক্তিকে আসতে দেখতে পায়। টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল ধাওয়া করে আনুমানিক ১০ গজ দূরে ধানক্ষেত থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তির মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে নেটের ব্যাগে পেচানো অবস্থা ১টি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেট খুলে ১৪টি সোনার বার পাওয়া যায়, বিজিবি সূত্রে জানা যায়।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ১৪টি সোনার বার জব্দ করে আটক যুবককে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসে। এরপর বিকালে আটক যুবককে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের নিয়ে যায়। আটক পাচারকারী যুবক হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সোনা চোরাকারবারীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে আসামিকে হস্তান্তর করাসহ জব্দকৃত ১৪টি সোনার বার কুড়িগ্রাম ট্রেজারী অফিসে জমাকরণের কার্যক্রম চলছে।