বান্দরবানে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শারদ শুভেচ্ছা উপহার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শারদ শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।
আজ মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে এ উপলক্ষ্যে বান্দরবান সেনানিবাসের বাস্কেট বল গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের হাতে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় পাহাড়ে সকল সম্প্রদায়ের পাশে আছে সেনাবাহিনী। পাহাড়বাসীর যে কোন বিপদে-আপদে সেনাবাহিনীর এমন জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ভবিষ্যতেও।

শুভেচ্ছা উপহার বিতরণকালে সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান, রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর শায়েখ-উজ-জামান, ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, গণমাধ্যমকর্মী ও হিন্দু ধর্মাবলম্বী উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ।
উল্লেখ্য, এদিন রিজিয়নের পক্ষ হতে হিন্দু ধর্মাবলম্বী ১৩২ জনের মাঝে আর্থিক অনুদান হিসেবে সর্বমোট ১ লক্ষ ৩২ হাজার টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।